নিজস্ব প্রতিবেদক:
“আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না,” মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “তবে যারা আমাদের বিরুদ্ধে কাজ করেনি, হয়রানি করেনি, এমনকি পরোক্ষভাবে সহায়তা করেছে—তারা চাইলে সদস্য হতে পারবে। কিন্তু সমাজে যাদের ভাবমূর্তি গ্রহণযোগ্য নয়—চাঁদাবাজ, দুর্নীতিবাজ—তাদের সদস্যপদ দেওয়া যাবে না। তাদের কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে।”
বিএনপির সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে আমীর খসরু বলেন, “গত ১৫ বছরে আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছেন, পালিয়ে বেড়িয়েছেন। বড় রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালানো সম্ভব হয়নি।”
তাই দলের সাংগঠনিক শক্তি পুনর্গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, “এখন সময় এসেছে, বিএনপিকে নতুন করে সাংগঠনিকভাবে শক্তিশালী করার।”











