নিজস্ব প্রতিবেদক:
চলতি আগস্ট মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)। সংস্থাটির মতে, ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল শনিবার প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, আগস্ট মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে সিলেট, ময়মনসিংহ ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা বন্যার ঝুঁকি বাড়াবে।
সংস্থাটি আরও জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে অতিবৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। তবে এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। যদিও বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আগস্টের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে এ সময়ে সমুদ্র তুলনামূলক শান্ত থাকতে পারে।
মাসের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে এবং সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকিও বাড়তে পারে।
আগস্টের তৃতীয় সপ্তাহে দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাসের শেষ সপ্তাহেও দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে আরও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
এদিকে বিডব্লিউওটি জানিয়েছে, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ ঘটবে। তবে এই দুটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাই বাংলাদেশ থেকে দেখা যাবে না।
উল্লেখ্য, এটি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)-এর দীর্ঘমেয়াদি পূর্বাভাস। সরকারি আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতির পরিবর্তন হতে পারে।











