অনলাইন ডেস্ক:
রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় দুইজন নিহত হয়েছেন। এই হামলায় মস্কোর প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আজ রবিবার জানান, মস্কো অভিমুখে আসা ৪৫০টিসহ মোট ১,৬০০টির বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকে আরও সংহত করার এই তিন দিনব্যাপী নির্বাচন পণ্ড করতেই ইউক্রেন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, পৃথক স্থানে ড্রোন হামলায় ৪৪ বছর বয়সী এক নারী ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া ড্রোনের আঘাতে একটি ২১ তলা আবাসিক ভবনে আগুন ধরে গেলে অন্তত ৪০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
হামলায় মস্কো তেল শোধনাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে আগুন ধরে যায়। ইউক্রেন যুদ্ধের অর্থ জোগানো মস্কোর প্রধান আয়ের উৎস জ্বালানি খাতকে অচল করতে সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ।
এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়াও রাতভর তাদের ভূখণ্ড লক্ষ্য করে ১৩৮টি ড্রোন ছোঁড়ে। এর মধ্যে ১০১টি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা।











