আগস্ট থেকে ১৫ টাকায় চাল পাবে ৫৫ লাখ পরিবার: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে আগামী আগস্ট মাস থেকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কর্মসূচি ছয় মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (FPMC) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, খাদ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে ৪ লাখ টন চাল ও ৮ লাখ টন গম আমদানি করা হবে। এই চাল ও গম আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে। এ ছাড়া বেসরকারি খাতে ৫ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে দেশে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্যের মজুদ রয়েছে, যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, “ভোক্তারা ১৫ টাকা কেজিতে মাসে প্রতি পরিবার ৩০ কেজি চাল পাবে। এ ধরনের ৫৫ লাখ পরিবারকে এই সুবিধা দেওয়া হবে।”

এর আগে একইদিন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকও অনুষ্ঠিত হয়।