নিজস্ব প্রতিবেদক:
ঢাকাসহ দেশের সব বিভাগে কয়েকদিন টানা বৃষ্টির পর গতকাল (মঙ্গলবার) দেশের আবহাওয়া ছিল তুলনামূলকভাবে শুষ্ক। তবে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর—আগামী পাঁচ দিন আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারা।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
পরবর্তী তিন দিনেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃষ্টির এই ধারা পঞ্চম দিন রবিবার পর্যন্ত চলতে পারে। এরপর আবহাওয়া আবারও শুষ্ক হয়ে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।











