আজ স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান, তালিকায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রদান করা হচ্ছে। বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের হাতে এ সম্মাননা তুলে দেবেন। এবারের তালিকায় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্যতম।

 

সরকারি সূত্র জানায়, স্বাধীনতা, গণতন্ত্র ও নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে।

 

মনোনীতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও সম্মানিত করা হচ্ছে, যাদের মধ্যে কয়েকজনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে।

 

এ বছর পাঁচটি প্রতিষ্ঠানও স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। এগুলো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। দেশের উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

 

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। পুরস্কারপ্রাপ্তরা পান ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র।

 

রাষ্ট্রের সর্বোচ্চ এই সম্মাননা শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জনকেই স্বীকৃতি দেয় না, বরং জাতির অগ্রযাত্রায় তাদের অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।