অনলাইন ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আগামীকাল বুধবার থেকে শুরু হবে আট দলের এই শ্রেষ্ঠত্ব লড়াই। আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে নানা ভবিষ্যদ্বাণী শোনা যাচ্ছে। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদও এই আলোচনায় যোগ দিয়েছেন। তিনি এই টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন।
সরফরাজ জানান, “যদি আমাকে সেমিফাইনালের জন্য চার দল বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে এই তালিকায় রাখবো। তবে আমি অন্য কোনও দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।”
আফগানিস্তানকে নিয়ে সরফরাজ বিশেষভাবে আশাবাদী। তিনি বলেন, “যে কোনো দল এই টুর্নামেন্ট জিততে পারে। আমি বিশ্বাস করি আফগানিস্তানের একটি ভালো দল আছে। তাদের ভালো কয়েকজন স্পিনার রয়েছে, এবং এই ধরনের কন্ডিশনে সফল হতে হলে এমন খেলোয়াড়দের প্রয়োজন।”
এবার চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে, যা দীর্ঘদিন পর পাকিস্তানে আইসিসি টুর্নামেন্টের আয়োজন। ঘরের মাঠে খেলা এবং বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে পাকিস্তানের উপর ভক্তদের প্রত্যাশা অনেক বেশি থাকবে, যা সরফরাজের মতে, তাদের কিছুটা চাপে ফেলবে। তিনি বলেন, “ঘরের মাঠে খেলা, বর্তমান চ্যাম্পিয়ন হওয়া—এসব তাদের চাপে রাখবে। ভক্তরা তাদের পাশে থাকবে এবং অনেক প্রত্যাশা থাকবে।”
আগামীকাল, বুধবার, টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এরপর, দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর তারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে।










