আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
অনলাইন ডেস্ক:
আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা। কৌঁসুলিদের পক্ষ থেকে আপিল প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও গত ১২ নভেম্বর এক আদেশে তদন্তের ওই অংশটি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।
এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আপত্তির একটি বিষয়কে নতুন করে সামনে নিয়ে এসেছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্তকে আইসিসির বিরুদ্ধে ওয়াশিংটনের ক্ষোভের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনা কমানোর কোনো প্রচেষ্টা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আইসিসির তদন্তের যাত্রা শুরু হয় ২০১৭ সালের নভেম্বরে। সে সময় তৎকালীন কৌঁসুলি ফাতু বেনসুদা ২০০৩ সাল থেকে সংঘটিত কথিত অপরাধ তদন্তের অনুমতি চেয়েছিলেন। এই অভিযোগের আওতায় ছিল আফগান ও মার্কিন বাহিনী, তালেবান এবং ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ (আইএস-কে)।
২০১৯ সালে প্রাথমিক পর্যায়ের বিচারিক প্যানেল তদন্তের আবেদনটি প্রত্যাখ্যান করলেও ২০২০ সালের মার্চে আপিল বিভাগ সেই সিদ্ধান্ত বাতিল করে তদন্তের অনুমতি দেন। পরবর্তী সময়ে মার্কিন নাগরিকদের আইসিসির এখতিয়ারে আনার চেষ্টার অভিযোগে বেনসুদা ও তদন্তের অনুমতি দেওয়া আপিল বিভাগের কয়েকজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ২০২১ সালে তৎকালীন কৌঁসুলি করিম খান মার্কিন সামরিক বাহিনী, সিআইএ ও সাবেক আফগান সরকারি বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তালেবান ও আইএস-কের বিরুদ্ধে অভিযোগে মনোযোগ দেন।
২০২৪ সালের নভেম্বরে চিলি, কোস্টারিকা, স্পেন, ফ্রান্স, লুক্সেমবার্গ ও মেক্সিকো যৌথভাবে তালেবান ক্ষমতায় ফেরার পর নারী ও মেয়েদের বিরুদ্ধে সংঘটিত কথিত অপরাধের অভিযোগ আইসিসির কাছে তুলে ধরে। তারা এসব অভিযোগ চলমান তদন্তে যুক্ত করার অনুরোধ জানায়।
১২ নভেম্বরের আদেশে মার্কিন বাহিনী ও আইএস-কের কথিত অপরাধসংক্রান্ত তদন্ত বন্ধ করা হয়েছে। তবে তালেবানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। তালেবান ক্ষমতায় ফেরার পর নারীসহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে এসব অপরাধের অভিযোগ রয়েছে।
গত ২০ অক্টোবর বিচারকেরা ‘আফগানিস্তান-২’ নামে নতুন তদন্ত শুরু করেন। তালেবান তদন্ত এখন এই নতুন প্রক্রিয়ার আওতায় রয়েছে। বিচারকেরা তালেবানের বিরুদ্ধে জারি করা চারটি গ্রেফতারি পরোয়ানাসহ সংশ্লিষ্ট সব নথি নতুন তদন্তে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
তদন্ত আলাদা করা ও নথি স্থানান্তরের আগের দুটি সিদ্ধান্তের বিরুদ্ধেও কৌঁসুলিরা আপিল করেছেন, যেগুলোর নিষ্পত্তি এখনো হয়নি। সর্বশেষ তদন্ত বন্ধের আদেশের বিরুদ্ধেও আপিল করা হয়েছে বলে জানা গেছে।
গত ডিসেম্বরে হেগে আইসিসির সদস্যরাষ্ট্রগুলোর বার্ষিক সম্মেলনে কূটনীতিকেরা জানিয়েছিলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হিসেবে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ও ফিলিস্তিনে তদন্ত বন্ধের দাবি জানিয়েছিল। পাশাপাশি রোম সংবিধি সংশোধন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সদস্য নয় এমন দেশের নাগরিকদের বিচার বন্ধের দাবিও তোলা হয়েছিল।
গত ৯ অক্টোবর আইসিসির ওপর প্রাতিষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিজেদের দাবি পূরণের জন্য আদালতকে ছয় মাসের সময়সীমা দেওয়া হয়। নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হলে আদালতের পক্ষে মার্কিন ডলারে লেনদেন করা কঠিন হয়ে পড়তে পারে।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আফগানিস্তান ও ফিলিস্তিন তদন্তসংশ্লিষ্ট আইসিসির কর্মকর্তা ও বিচারকদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন। এই তালিকায় সাবেক কৌঁসুলি করিম খান এবং ৯ জন বিচারক রয়েছেন।
আইসিসির সদস্যরাষ্ট্রগুলো আগামী ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হেগে বৈঠকে বসবে। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ এবং আদালতের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।
