অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়ি এবং তার ভাতিজার রিসোর্টে বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত আবদুল হামিদের বাড়িতে এবং তার ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’ও হামলার শিকার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-জনতা আবদুল হামিদের বাসভবনে হামলা চালিয়ে প্রথমে ভাঙচুর করে এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। তারা বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি বাসভবনটি পরিত্যক্ত অবস্থায় ফেলে যায়।
এদিকে, শুক্রবার দুপুরে মিঠামইনের কামালপুর এলাকায় অবস্থিত শরীফ কামালের রিসোর্টে হামলা চালানো হয়। এলাকাবাসী লাঠিসোটা নিয়ে রিসোর্টে এসে প্রথমে গেট ভাঙে এবং পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম জানান, “রিসোর্টে আগুন ও ভাঙচুরের ঘটনা শুনেছি, তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”
এছাড়া, রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে এস্কেভেটর দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। এর আগে এ কার্যালয়ে একাধিকবার ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল। শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়েছে।











