আমার লোক, তোমার লোক, সংস্কৃতি থেকে বের হতে বড় দলগুলোর প্রতি আহ্বান: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি ও জামায়াতসহ সব বড় রাজনৈতিক দলকে ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকারের উপদেষ্টা ও আইন বিশ্লেষক ড. আসিফ নজরুল।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ড. আসিফ নজরুল বলেন, “এই ‘আমার দল, তোমার দল’ সংস্কৃতি শুধু বড় দলেই নয়, ছোট দলগুলো বা উদীয়মান দলগুলোর মধ্যেও প্রবলভাবে রয়ে গেছে। এনসিপি ও অন্যান্য ছোট দলগুলোকেও এই ব্যাধি থেকে মুক্ত হতে হবে।”

আওয়ামী লীগ আমলে দলীয়করণের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, “আমার লোক, তোমার লোক—এই সংস্কৃতি আওয়ামী লীগ আমলে ভয়াবহ আকার ধারণ করে। দেশের অনেক খারাপ কাজ—গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন ও মৃত্যু, ভুয়া নির্বাচন—সবকিছুর সূচনা হয়েছে আওয়ামী লীগের সময়, পরে অন্যরা সেটাকে চালিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “এই দলীয়করণের সংস্কৃতি শুধু রাজনীতিতেই নয়, নাগরিক সমাজেও ঢুকে গেছে। যেমন আওয়ামী লীগ আমলে সংগ্রামের সম্পাদক আবুল আসাদ গ্রেপ্তার হওয়ার পর সমাজে কোনো প্রতিবাদ হয়নি।”

পুলিশি নির্যাতনের বিষয়ে ড. আসিফ নজরুল মন্তব্য করেন, “পুলিশ সরকারি দলের আদেশে, কখনও নিজের স্বার্থে, ভয়াবহ নির্যাতনে জড়িত হয়। সরকার যতটুকু অত্যাচারের নির্দেশ দেয়, অনেক সময় তারা তার চেয়ে দশগুণ বেশি করে। এতে পুলিশ একটি নির্মম, অত্যাচারী, পাশবিক ও দানবীয় বাহিনীতে পরিণত হয়।”

গোলটেবিল বৈঠকে তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এবং বলেন, “পুলিশ সংস্কার না হলে বিচারব্যবস্থা ও গণতন্ত্র কোনোভাবেই টেকসই হতে পারে না।”