অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে ইসরায়েলি নাগরিক ইয়েহুদা পিয়ারসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার (২৩ অক্টোবর) পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা সবাই যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলেও তাদের নাগরিকত্ব নেই, যা মার্কিন নির্বাচনী আইন অনুযায়ী গুরুতর অপরাধ।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের তালিকায় ইসরায়েলি নাগরিক ছাড়াও পোল্যান্ড, কিউবা, কেনিয়া, রাশিয়া, গ্রিস ও নেদারল্যান্ডসের নাগরিকরা রয়েছেন। তারা ২০২২ ও ২০২৪ সালের বিভিন্ন নির্বাচনে অবৈধভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা অথবা উভয় দণ্ডের মুখোমুখি হতে হবে।
পেনসিলভানিয়ার মিডল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি ব্রায়ান মিলার এ প্রসঙ্গে বলেন, ‘অবৈধভাবে ভোট দেওয়া কোনো ভুক্তভোগীহীন অপরাধ নয়। এটি আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মৌলিক নীতির ওপর সরাসরি আঘাত। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের অখণ্ডতা নষ্ট করে এবং বৈধ ভোটারদের ভোটাধিকারকে অবমূল্যায়ন করে।’
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের ফিলাডেলফিয়া কার্যালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাথান অ্যাবেল বলেন, ফেডারেল নির্বাচনে বিদেশিদের অবৈধ অংশগ্রহণ পুরো নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করে। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা সংকটের মুখে পড়ে। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এর সত্যতা নির্ধারিত হবে।











