আরও তিন মামলায় এবিএম ফজলে করিম চৌধুরী গ্রেফতার

জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে রাউজান থানায় দায়ের করা আরও তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত হত্যাচেষ্টা, ভাঙচুর এবং নাশকতার অভিযোগে তিন মামলার শুনানি শেষে তাকে গ্রেফতার করার আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রাউজান থানায় দায়ের করা এসব মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানোর জন্য পুলিশ আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া, অন্য একটি মামলায় গ্রেফতারি আবেদন করা হলেও, মামলার নথিপথ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় সেই মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, এবিএম ফজলে করিম চৌধুরী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন। পরে, ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় তাকে ও তার সহযোগী দুইজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।