আরও দুই হত্যা মামলায় জামিন বহাল আইভীর, কারামুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে পূর্বের ১০টি মামলার সঙ্গে নতুন করে ২টি মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

 

আইভীর আইনজীবীরা জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই এখন জামিন বহাল রয়েছে। ফলে তার কারাগার থেকে মুক্তি পেতে আইনি কোনো জটিলতা রইল না।

 

এর আগে, ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তবে এরপর সিদ্ধিরগঞ্জ থানার এই দুটি হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

 

পরবর্তীতে গত ৩০ এপ্রিল হাইকোর্ট এক আদেশে সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় রুল ইস্যুসহ আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। হাইকোর্টের সেই জামিন আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আবেদন করে, যা আজ চেম্বার আদালতের কার্যতালিকায় ৪১ ও ৪২ নম্বরে শুনানির জন্য ওঠে। চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া না দেয়ায় হাইকোর্টের জামিন আদেশই বহাল থাকে।

 

আদালতে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

 

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের পর বিষয়টি আপিল বিভাগে গড়ায়। গত ১০ মে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দিলে ওই মামলাগুলোতে আইভীর জামিন বহাল থাকে।

 

এরপর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং একটি নারায়ণগঞ্জ সদর থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা।

 

দ্বিতীয় দফার পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে আপিল বিভাগ সেই জামিন বহাল রাখেন।

 

আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, ১২ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ও আপিল বিভাগের আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া শেষ হলে চলতি সপ্তাহেই তিনি মুক্তি পেতে পারেন।