নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আগামীকাল (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় যাচ্ছেন। সেখানে তিনি অংশ নেবেন ‘আর্থনা সামিট-২০২৫’-এ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আজাদ মজুমদার জানান, সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে ড. ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বিশেষ দৃষ্টিতে দেখা হচ্ছে আরও একটি ঐতিহাসিক অংশগ্রহণকে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ সরকারি সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এরা হলেন—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং নারী জাতীয় ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘আর্থনা সামিট’-এর এবারের প্রতিপাদ্য “আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান”। সামিটে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কাতারের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের সম্ভাব্য পথ তুলে ধরা হবে।
আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে। সামিটে অংশগ্রহণকারী দেশের নেতৃবৃন্দ, গবেষক, বিজ্ঞানী এবং তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে এক বৈচিত্র্যময় মতবিনিময়ের প্রত্যাশা করছে আয়োজক কর্তৃপক্ষ।











