নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবলীগের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার জামগড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে কাপ্তান মিয়া নামে একজন এবং ইটের আঘাতে অপর এক পথচারী আহত হয়েছেন।
গুলিবিদ্ধ কাপ্তান মিয়াকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার বোসিন্দার বাসিন্দা এবং আশুলিয়ার জাগড়া চৌরাস্তা এলাকায় আলমগীর চৌধুরীর বাড়িতে ভাড়া থাকেন। আহত অপর ব্যক্তি শেখ আবু জাফর নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামগড়ার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের আশুলিয়া থানা শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ঝুট ব্যবসায়ী শরীফ চৌধুরীর সমর্থকরা এবং জুট ব্যবসায়ী বকুল চৌধুরীর ছেলে যুবলীগ নেতা রনি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ছয় রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দীর্ঘ সময় উভয়পক্ষ রামদা হাতে মহড়া দেয়, পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় দুই পক্ষের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











