ইন্টার মিলানকে হারিয়ে ৮ বছর পর ইতালিয়ান সুপার কপা শিরোপা জিতল এসি মিলান

অনলাইন ডেস্ক:

ইতালিয়ান সুপার কোপায় বর্তমান ফর্ম বিবেচনায় ইন্টার মিলানকে ফেবারিট মনে করা হচ্ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ভাবনাকে ভুল প্রমাণ করে দুই গোল পিছিয়ে থেকেও ইন্টারকে হারিয়ে দিয়েছে এসি মিলান। সৌদি আরবের রিয়াদে সোমবার রাতে এক রোমাঞ্চকর ফাইনালে ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে ৮ বছর পর সুপার কপা শিরোপা ঘরে তুলেছে রোসোনেরিরা।

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ইন্টার মিলান। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) লাওতারো মার্টিনেজের গোল ইন্টারকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়।

বিরতির পর ইন্টার মিলানের মেহেদি তারেমি ৫০ মিনিটে আরও একটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে এখান থেকেই শুরু হয় এসি মিলানের অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

৫২ মিনিটে থিও হার্নান্দেজের গোল রোসোনেরিদের ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। এরপর ৮০ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের দুর্দান্ত গোলে সমতা ফেরে। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ে (৯০+৩) ট্যামি আব্রাহামের অসাধারণ গোল মিলানের জয় নিশ্চিত করে।

নতুন কোচ সার্জে কনসেকাওর অধীনে এটি ছিল এসি মিলানের দ্বিতীয় ম্যাচ। দায়িত্ব নেওয়ার পর এমন নাটকীয় শিরোপা জয় তার জন্যও একটি বিশেষ অর্জন।

এই জয়ের মধ্য দিয়ে এসি মিলান তাদের অষ্টম সুপার কপা শিরোপা ঘরে তুললো, যা ইন্টার মিলানের সমান। দীর্ঘ আট বছর পর শিরোপা জয় রোসোনেরি সমর্থকদের জন্য একটি বড় আনন্দের উপলক্ষ।

এই জয়ের মাধ্যমে এসি মিলান শুধু সুপার কপায় নিজেদের আধিপত্য ফেরালো না, বরং ভবিষ্যৎ মৌসুমের জন্য আত্মবিশ্বাসের নতুন সঞ্চার করলো।