ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুনে ২৪ জনের মৃত্যু নিশ্চিত, নিখোঁজ প্রায় ৩০
অনলাইন ডেস্ক:
ইন্দোনেশিয়ায় একটি ক্যান্ডি কারখানায় আগুন লেগে অন্তত ২৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার সন্ধ্যায় জাকার্তার কাছে বান্তেন প্রদেশের সেরাংয়ের চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। সোমবার কর্তৃপক্ষ ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে ২৪টি মরদেহ ভর্তি বডি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ জন এখনো নিখোঁজ এবং ৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহতদের মরদেহ দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে; পরিচয় নিশ্চিত হতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে পুলিশের ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন ইউনিট।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রেসিডেন্টের শ্রম উপদেষ্টা সাঈদ ইকবাল মৃতের সংখ্যা নিশ্চিত করে জানান, কারখানার নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করা হচ্ছে এবং প্রধান নির্বাহীকে ডেকে পাঠানো হবে। কারখানার প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়া জানান, শনিবার কারখানায় প্রায় ৩০০ জন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে ২৯ জন নিরাপদে রয়েছেন, যার মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।
