নিজস্ব প্রতিবেদক:
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও, তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। অর্থদণ্ড পরিশোধ না করলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ জানিয়েছেন, আসামিরা পলাতক রয়েছেন এবং আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করছিল। ২০২১ সালের ২০ মার্চ, তৌফিক মাহমুদ প্রতিষ্ঠান থেকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন, যার মূল্য ছিল দুই লাখ ৪৫ হাজার টাকা। এরপর ৩ এপ্রিল আরও দুটি বাইক অর্ডার দেন, যার মূল্য ছিল ৫ লাখ ৯০ হাজার টাকা। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইক তিনটি সরবরাহ করতে ব্যর্থ হয়।
পরে, তৌফিক মাহমুদ ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ দুটি চেক প্রদান করে। তবে ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে জমা না দিতে অনুরোধ করা হয়। বিশ্বাস করে চেকটি জমা না দেয়ার পর, তৌফিক মাহমুদ ১৪ লাখ ১০ হাজার টাকা ফেরত চেয়ে তাগাদা দিতে থাকেন, কিন্তু আসামিরা কোনো টাকা ফেরত দেননি। এর পর, তিনি লিগ্যাল নোটিশ পাঠান, কিন্তু তাও কোনো কাজ হয়নি।
এ ঘটনার পর তৌফিক মাহমুদ ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।











