ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদন্ড

প্রকাশিত: 18 September 2025, 8:20 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই রায় দেন। দন্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। বাদী পক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত গতকাল বৃহস্পতিবার সাজা পরোয়ানা জারি করেছেন।

জানা গেছে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মো আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী ২০২৩ সালের ৭ ডিসেম্বর আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পুলিশ পরিদর্শক বাসুদেব সরকার পরের বছরের ২৭ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে একই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করেন আদালত। তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণার উদ্দেশ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। সুপরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন। ইভ্যালি কোম্পানি থেকে ৭-৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তারা পণ্যসরবরাহ না করে উল্টো ছলচাতুরির আশ্রয় নিয়ে বাদীর টাকা আত্মসাৎ করা হয়েছে।

মন্তব্য করুন