অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন, এমন তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন এই তথ্য প্রকাশ করেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত সোমবার ভোরে একটি গণমাধ্যম তাঁবুতে ভয়াবহ ইসরাইলি হামলার পর ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি বিশ্বব্যাপী সমর্থন জানিয়ে একটি বিবৃতি জারি করা হয়। এই হামলায় গুরুতর দগ্ধ হয়ে নিহত হন আহমেদ মনসুর, যিনি গাজায় নিহত ২১১তম সাংবাদিক।
বিবৃতিতে বলা হয়, “আমরা আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ফেডারেশন এবং বিশ্বের সব দেশের সাংবাদিক সংগঠনগুলোর প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে চলমান এই পদ্ধতিগত অপরাধের প্রতিবাদ জানাতে আহ্বান জানাচ্ছি।”
এদিকে, সোমবার রাতে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজায় অভিযান চালায়। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরাইলি বাহিনীর অভিযানে গাজার উপত্যকাজুড়ে ১৯ জন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
এছাড়াও, স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে ইসরাইলি বাহিনী, যেখানে অনেক ফিলিস্তিনিকে গ্রেফতার এবং তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়।











