ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ কয়েকটি শহরে ৫.৫ মাত্রার কম্পন

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে শনিবার দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশেও কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে অনুভূত হয়। পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (NSMC) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং গভীরতা ছিল ১২ কিলোমিটার।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (USGS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০ এবং গভীরতা ছিল ৩৯.২ কিলোমিটার।

ইসলামাবাদের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, ভূমিকম্প অনুভূতের পর আতঙ্কিত মানুষজন দ্রুত বিভিন্ন ভবন ও আবাসিক এলাকা থেকে বাইরে বেরিয়ে আসে। অনেকেই দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

দুপুরের ভূমিকম্পটির মাত্র ৩৫ মিনিট আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলেও আরও একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় সকাল ১১টা ৫৪ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩ এবং গভীরতা ছিল ৮৮ কিলোমিটার।

উল্লেখ্য, পাকিস্তান ও আশপাশের অঞ্চলগুলো ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় মাঝেমধ্যেই এই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।