ঈদযাত্রায় টাঙ্গাইলে তীব্র যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। তবে অতিরিক্ত যানবাহনের চাপে বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে টাঙ্গাইলের আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

যাত্রী ও চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে নাভিশ্বাস উঠছে তাদের। রংপুরগামী বাসযাত্রী মোহাম্মদ শাকিল বলেন, “দেড় ঘণ্টা ধরে এক জায়গায় বসে আছি। টোল আদায়ের ধীরগতি এবং প্রশাসনের দুর্বল তদারকির কারণেই এমন অবস্থা।”

আরেক যাত্রী মোহাম্মদ জিয়াউর রহমান জানান, “রাস্তা জ্যামে ভর্তি, তেমন পুলিশ চোখে পড়ে না। সবাই যেন নিজের মতো চলছে।” মনিরুজ্জামান চৌধুরী সাজু নামের এক যাত্রী বলেন, “রাতেই রংপুরগামী বাসে উঠেছি। এখনও যমুনা সেতু পার হতে পারিনি। গাড়ির মধ্যে কোনো শৃঙ্খলা নেই।”

বাসচালক মোহাম্মদ নূর ইসলাম বলেন, “রাত ১২টা থেকে বিভিন্ন স্থানে জ্যামে আছি। ঠিক মতো খেতেও পারিনি। কী করবো বুঝতে পারছি না।”

পুলিশ সূত্র জানায়, ঈদযাত্রার কারণে হঠাৎ করে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। সিরাজগঞ্জ অংশ দিয়ে গাড়িগুলো ঠিকমতো বের হতে না পারায় মহাসড়কে জট তৈরি হচ্ছে। যানজটের পেছনে একটি দুর্ঘটনাও ভূমিকা রেখেছে — শ্যামলী পরিবহনের একটি বাসের চাকা খুলে যাওয়ায় রাস্তার একাংশ আটকে যায় এবং গাড়ি সরাতে দেরি হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, “যানজট নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অতিরিক্ত গাড়ির চাপ এবং দুর্ঘটনার কারণে সমস্যা হয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে কাজ করছি।”