ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট

জেলা প্রতিনিধি :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত ১০৫ কিলোমিটার দীর্ঘ অংশজুড়ে যানজটমুক্ত থাকার খবর পাওয়া গেছে।

যাত্রী ও যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে গেলেও, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল (৪ জুন) সকাল থেকেই যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করে, যা বৃহস্পতিবারেও অব্যাহত ছিল। যাত্রীবাহী বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও কোরবানির পশুবাহী ট্রাকের চলাচল।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তারা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এবার সড়কে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে সেনাবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে জেলা প্রশাসন এবং রোভার স্কাউটস সদস্যরাও।

ফলে দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার, মিয়াবাজার ও চৌদ্দগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে, যা যাত্রীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।