জেলা প্রতিনিধি :
ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আগামী রবিবার (১৫ জুন) থেকে অফিস শুরু হওয়ায় শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলে দৌলতদিয়া ঘাট হয়ে পাটুরিয়ায় আসছেন যাত্রীরা। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লঞ্চঘাটগুলোতেও যাত্রীদের চাপ ছিল ব্যাপক।
তবে ফেরিঘাট ও সড়কে কোনো ধরনের বড় ভোগান্তি না থাকায় যাত্রীরা স্বস্তিতে ঢাকায় ফিরছেন বলে জানান অনেকে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচল করছে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ। এছাড়া আরিচা-কাজিরহাট নৌরুটেও যাত্রীর চাপ বেড়েছে। পাবনার কাজিরহাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে যাত্রীরা আরিচাঘাট হয়ে ঢাকায় ফিরছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার পর্যন্ত যাত্রীদের ঢাকামুখী চাপ বাড়তে পারে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।











