ঈদে ফিরছে ‘ধামাল ৪’ নতুন চমকে বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’-এর চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ঈদে। গত বৃহস্পতিবার নির্মাতারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। অজয় দেবগন এবারও মুখ্য ভূমিকায় থাকছেন, সঙ্গে থাকছে পুরোনো ও নতুন তারকার সমাহার।

ইতোমধ্যে প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে মহারাষ্ট্রের মালশেজ ঘাটে, বর্তমানে চলছে দ্বিতীয় লটের কাজ মুম্বাইয়ে। পুরো ইউনিট জোরকদমে কাজ করছে ঈদের মুক্তির লক্ষ্যে।

‘টোটাল ধামাল’ (২০১৯) থেকে সিরিজের অংশ অজয় দেবগন। এবারও তিনি আছেন মূল চরিত্রে। তার সঙ্গে ফিরছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি এবং সঞ্জয় মিশ্র। হাস্যরসের এই পরীক্ষিত দলকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন গল্পের পটভূমি।

এই কিস্তিতে যুক্ত হয়েছেন নতুন কিছু মুখ—সাঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর এবং রবি কিশন। নির্মাতাদের আশা, নতুনদের সংযোজন ছবিতে বাড়াবে বৈচিত্র্য এবং কৌতুকের ভিন্নতা।

এই পর্বে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও বোমান ইরানি অনুপস্থিত থাকায় কিছু ভক্তের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন—

“মাধুরী না থাকলে ধামাল জমে না!”

আগের পর্বগুলোর মতো এবারও পরিচালনায় ইন্দ্র কুমার। প্রযোজনায় রয়েছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, আনন্দ প-িত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা করছে দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।

‘ধামাল ৪’-এর পাশাপাশি অজয় দেবগন কাজ করছেন আরও দুটি বড় প্রজেক্টে—

‘সন অফ সরদার ২’ (সহশিল্পী: সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর, জুহি চাওলা)

‘দে দে পেয়ার দে ২’ (সহশিল্পী: রাকুল প্রীত সিং, আর মাধবন)