ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঈদ যাত্রায় ডাকাতি ঠেকাতে বাসে উঠলেই যাত্রীর ছবি বাধ্যতামূলক: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 3 June 2025, 3:41 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দূরপাল্লার যাত্রায় ডাকাতি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এবার বাসে উঠার সময় প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, “বিগত ঈদ যাত্রা ছিল তুলনামূলকভাবে নির্বিঘ্ন। এবারও যেন যাত্রা নিরাপদ হয়, সে লক্ষ্যেই বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা সম্মত হয়েছেন, যাত্রা শুরুর প্রতিটি নির্ধারিত স্টপেজ থেকে যাত্রীদের ছবি নিতে হবে।”

তিনি আরও জানান, ঈদের সময় ডাকাতরা যাত্রী ছদ্মবেশে বাসে উঠে পড়ার চেষ্টা করে। এ থেকে রক্ষা পেতে বাসের প্রতিটি যাত্রীর পরিচয় ও ছবি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। “আমিনবাজার, সাভারসহ যেখান থেকেই যাত্রী উঠুক না কেন, সেখান থেকেই ছবি তুলতে হবে এবং দরজা বন্ধ করে যাত্রা শুরু করতে হবে।”

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বাসে নিয়োজিত তিনজন কর্মীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখলেই তাৎক্ষণিক মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, “অদক্ষ চালকদের দিয়ে বাস না চালানোর অনুরোধ জানিয়েছি মালিকদের, কারণ এটি দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।”

উল্লেখ্য, বাসভাড়া নিয়ে অতীতের কিছু অভিযোগ থাকলেও এবার আসা ও যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মালিকরা।

মন্তব্য করুন