উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পার হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন পায়নি। এ বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়ে তারা রেলপথ অবরোধের পথ বেছে নিয়েছেন।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধে রেল চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী ছাড়তে পারেনি।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, যাত্রী নিরাপত্তায় রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ বর্জনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আন্দোলনের সূচনা করেন। এরপর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মহাসড়ক অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। গত রোববার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা, যা দুই ঘণ্টারও বেশি সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।