নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে এফ-৭ বিজিআই মডেলের এই বিমানটি। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। দুপুর ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে প্রথমবারের মতো বিমান বিধ্বস্ত হওয়ার তথ্য আসে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থলের দিকে রওনা দেন এবং তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ঘটে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান কার্যালয়ের কাছাকাছি এলাকায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তবে তার সত্যতা যাচাই করা যায়নি।
বিমান বাহিনীর একটি সূত্র জানায়, প্রশিক্ষণ বিমানে স্কোয়াড্রন লিডার তোকির ছিলেন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
তদন্তে সংশ্লিষ্ট সংস্থা
বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।











