উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ৪৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে ৮ জন আশঙ্কাজনক, ১৩ জনের অবস্থা গুরুতর এবং ২৩ জন মাঝারি আঘাত নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন জানান, “এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। দেশের চিকিৎসকদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।”

২১ জুলাই, সোমবার, দুপুরে মাইলস্টোন স্কুলের ভবনে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে অধিকাংশই বর্তমানে বার্ন ইনস্টিটিউটে রয়েছেন।

আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সিঙ্গাপুর ও ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এনেছে। সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল মঙ্গলবার রাতে পৌঁছে বুধবার ইনস্টিটিউটে বৈঠক করেন। ভারতের চার সদস্যের দলও সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে থেকেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতাও যুক্ত করা হচ্ছে। এ ঘটনায় সরকারের চিকিৎসা সক্ষমতার প্রতি আস্থা প্রতিফলিত হচ্ছে বলে ধারণা সংশ্লিষ্টদের।