উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপে চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সমুদ্রবন্দর এবং উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকালে এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।