উদিত নারায়ণের চুম্বন কাণ্ডে বিতর্ক, অভিজিৎ ভট্টাচার্যের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক:

ভারতের বিনোদন জগতে গত কয়েকদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ। সম্প্রতি একটি মঞ্চে পারফর্ম করার সময় এক নারী ভক্তের ঠোঁটে চুম্বন করার ঘটনা ভাইরাল হয়ে ওঠে। এরপর থেকে এই দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। তবে, উদিতের এই কাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন তার বন্ধু এবং গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

অভিজিৎ ভট্টাচার্য এক ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে এবং উদিতকে একসঙ্গে মঞ্চে গান গাইতে দেখা যাচ্ছে। ওই ভিডিওর ক্যাপশনেও তিনি লিখেছেন, “ইয়ে খিলাড়ি, ম্যায় আনাড়ি। আমার খেলোয়াড় বন্ধু।” এটি ছিল গানের জনপ্রিয় লাইন ‘ম্যায় খিলাড়ি, তু আনাড়ি’ থেকে, যেটি তাদের একসঙ্গে গাওয়া একটি হিট গান।

তবে, এই ভিডিও প্রকাশের পরই নিন্দকদের পক্ষ থেকে অভিজিতের দিকে সমালোচনা ধেয়ে আসে। তাদের অভিযোগ, তিনি উদিত নারায়ণের আচরণকে সমর্থন করছেন এবং একটি অনুমতি ছাড়া এমন আচরণকে হাস্যরসের মাধ্যমে গ্রহণ করেছেন।

এদিকে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে, উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গানে পারফর্ম করার সময় এক নারী ভক্ত প্রথমে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। এরপর ওই নারী উদিত নারায়ণের গালে চুম্বন করেন, এবং পরবর্তীতে উদিতও ওই নারীর গালে পাল্টা চুম্বন দেন। পরে একে একে অনেক নারী ভক্তও মঞ্চে এসে গায়কের সঙ্গে সেলফি তোলার পর তাদের সঙ্গেও চুম্বন করেন তিনি।

এই ঘটনার পর উদিত নারায়ণ এইচটি সিটির সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি ভদ্র মানুষ, এবং আমার পরিবারও ভদ্র। ভক্তরা যখন সামনে এসে তাদের ভালোবাসা প্রকাশ করেন, তখন কি তাদের ফিরিয়ে দেওয়া যায়?”

এছাড়া, উদিত আরও বলেন, “ভিড়ের মাঝে বহু মানুষ এসে আমাকে ছুঁতে চান। এ সময় আমার দেহরক্ষীও উপস্থিত ছিলেন। ভক্তদের উচ্ছ্বাসের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটেছে। এটা একান্তই তাদের ভালোবাসা। এটি ভিন্নভাবে দেখা উচিত নয়।” তিনি এই বিতর্কের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

উদিত নারায়ণ আরও বলেন, “আমার পরিবারের ভাবমূর্তি এতই পরিষ্কার যে, লোকজন চাইছেন বিতর্ক তৈরি হোক। তবে, আমার ছেলে আদিত্য সব কিছুতেই চুপ থাকেন এবং কোনো বিতর্কে পা দেন না। আমি যখন মঞ্চে গান গাই, তখন উচ্ছ্বসিত হয়ে যাই। আমি মনে করি, ভক্তরা আমাদের এমনভাবে ভালোবাসেন, যা তাদের খুশি করে।”