জেলা প্রতিনিধি :
কুয়াকাটায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টার দিকে জোয়ারের তীব্র ঢেউয়ে জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে নির্মাণাধীন দুই কিলোমিটার সড়কের একাধিক অংশ ধসে যায়। ধ্বংস হয়ে গেছে পুলিশ বক্স, সরদার মার্কেট ও ফুচকা মার্কেটসহ বেশ কিছু স্থাপনা।
পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মাইকিং করে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও তদারকির অভাবে এমন পরিণতি ঘটেছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
২০২৪ সালে কুয়াকাটা পৌরসভা এই প্রকল্প হাতে নেয় পর্যটন ও সৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে। সড়কটির ব্যয় ধরা হয়েছিল ৪ কোটি ৮৬ লাখ টাকা। তবে শুরু থেকেই মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। প্রশাসক ইয়াসীন সাদির ও প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে উপকূলজুড়ে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটক ও স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, “বিল ও জামানত পৌরসভায় জমা রয়েছে, ক্ষতিপূরণ আদায় করে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে জেলার চারটি উপজেলার অন্তত ১১টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পটুয়াখালী পৌর এলাকার নিচু অংশ প্লাবিত হয়েছে, মাছের ঘেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।











