অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা
কাপুর সম্প্রতি এক অদ্ভুত ডিজিটাল সমস্যায় পড়েছেন। হঠাৎ করেই তার প্রিমিয়াম ও ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্টটি ‘ফেক’ হিসেবে চিহ্নিত করে প্ল্যাটফর্মটি সেটিকে ব্লক করে দেয়। ফলে অ্যাকাউন্টটি আর কারও কাছে দৃশ্যমান নয় এবং শ্রদ্ধা নিজেও এতে প্রবেশ করতে পারছিলেন না।
গত শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি স্টোরির মাধ্যমে বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন,
“প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারছি না কারণ আপনাদের মতে এটি নকল। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? এটি একটি প্রিমিয়াম ও ভেরিফায়েড অ্যাকাউন্ট, তবুও কেউ দেখতে পাচ্ছে না।”
শ্রদ্ধা জানান, তিনি তার উদ্যোক্তা যাত্রা লিঙ্কডইনে শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু এখন সেই অ্যাকাউন্ট চালু করাই যেন একটা নতুন যাত্রা হয়ে দাঁড়িয়েছে।
ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে ভুলবশত এই বিভ্রাট ঘটেছে। তার ভক্তরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এবং শ্রদ্ধার পাশে দাঁড়িয়েছেন।
যদিও এখন পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবুও শ্রদ্ধা কাপুর জানান, তিনি নিরুৎসাহিত নন এবং দ্রুতই নিজের উদ্যোক্তা পরিচিতি শেয়ার করতে চান।











