ঋণ পরিশোধে ব্যর্থতায় অসুস্থ নারীকে তালাবদ্ধ করার অভিযোগ

জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে ঋণের টাকা পরিশোধ না করায় এক অসুস্থ নারী (৪৭) কে অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এক বছর দুই মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন ওই নারী। কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পরও পুরো অর্থ পরিশোধ করতে না পারায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে অফিসে ডেকে নেওয়া হয় এবং এরপর অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখা হয়।

অভিযোগে জানা যায়, ওই নারীর ছোট ছেলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মা অসুস্থ। অনেক কষ্টে ১০ হাজার টাকা জোগাড় করে এনেছিলাম। কিন্তু পুরো টাকা দিতে না পারায় তারা আমার মাকে তালা মেরে আটকে রেখেছে।”

এ বিষয়ে অভিযুক্ত মাঠ কর্মকর্তা আবেদা খাতুন জানান, “ঋণ নেওয়ার ১৪ মাস পার হলেও তিনি কিস্তির টাকা ফেরত দিচ্ছেন না। অফিস থেকে আমার ওপর চাপ এসেছে, এমনকি আমার বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে। আমি তাকে অফিসে রেখে বাইরে বাজারে গিয়েছিলাম এবং পরে ফিরে নামাজ ও ওষুধ খেয়ে আবার অফিসে ফিরি। তখন দেখি অনেক লোক জড়ো হয়ে গেছে।”

তালাবদ্ধ থাকা অবস্থায় ভুক্তভোগী নারী বলেন, “আমি সব টাকা ফেরত দেব। কিন্তু একসঙ্গে দেওয়া সম্ভব নয় বলে তারা আমাকে আটকে রেখে চলে গেছে, এমনকি আমি অসুস্থ বলার পরও কেউ শোনেনি।”

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে রাত ৮টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে ওই নারীকে উদ্ধার করে।

জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, “ঘটনার খবর পেয়ে আমি নিজে এসেছি। এটি অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”