ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে বিতর্কে গোবিন্দা কন্যা টিনা আহুজা

অনলাইন ডেস্ক:

ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা গোবিন্দার কন্যা টিনা আহুজা। সম্প্রতি মা সুনীতা আহুজার সঙ্গে যৌথভাবে দেওয়া এক সাক্ষাৎকারে টিনা ঋতুস্রাবের ব্যথা সম্পর্কে নিজের মতামত জানান, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

টিনা বলেন, “ঋতুস্রাবের ব্যথা অনেক ক্ষেত্রেই মানসিক। মুম্বাইয়ের মতো শহরের নারীদের শুনতে পাই ক্র্যাম্পস হয়, এই হয়, সেই হয়। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এসব ব্যথার অর্ধেকই মানসিক। যেসব নারী এ নিয়ে সবসময় কথা বলেন, তারা নিজেদের আরও বেশি সমস্যায় ফেলেন।”

তিনি আরও যোগ করেন, “ছোট শহরের নারীরা কখন পিরিয়ড বা মেনোপজ হয়েছে তা বুঝতেও পারেন না। আমার কখনোই এই সমস্যাগুলো হয়নি। আমার শরীর হয়তো ‘দেশি’। ঘি খান, রাতে ভালো করে ঘুমান, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অতিরিক্ত ডায়েট করারও দরকার নেই।”

টিনার এই মন্তব্য অনেকের কাছেই সংবেদনশীলতার অভাব বলে মনে হয়েছে। সমালোচকরা বলেছেন, ঋতুস্রাবের ব্যথা একেবারে শারীরিক এবং যন্ত্রণাদায়ক। যারা প্রতিমাসে এই ব্যথা সহ্য করেন, তারা জানেন এর প্রকৃত কষ্ট। বিশেষ করে প্রথম দু’দিন কোমর ও তলপেটের ব্যথা সহ্যের বাইরে চলে যায়। এই অবস্থায় টিনার মতো মন্তব্য ব্যথিত করেছে অনেককে।

সোশ্যাল মিডিয়ায় টিনার মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেছেন, তিনি এই বিষয়ে অজ্ঞ এবং সাধারণ নারীদের যন্ত্রণা সম্পর্কে ধারণা নেই।

বলিউডে এখনও বিশেষ নজর কাড়তে পারেননি টিনা আহুজা। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ এবং ‘মিলো না তুম’ রয়েছে। অভিনয়ে সেভাবে সাফল্য না পেলেও, এবার বিতর্কের কারণে তিনি আলোচনায় এসেছেন।

ঋতুস্রাবের মতো সংবেদনশীল বিষয় নিয়ে মন্তব্য করার সময় আরও সাবধান হওয়া উচিত বলে মনে করেন অনেকেই। টিনার মন্তব্য থেকে শুরু হওয়া এই বিতর্ক সাধারণ নারীদের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকার প্রয়োজনীয়তাই আবারও মনে করিয়ে দেয়।