অনলাইন ডেস্ক:
ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিপুল বিনিয়োগের অর্থায়নে সহায়তা করতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের বা বাইআউটের প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংখ্যা তাদের বৈশ্বিক কর্মীবাহিনীর এক-চতুর্থাংশেরও বেশি।
বিষয়টি সম্পর্কে অবহিত একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটির এআই এক্সপেরিয়েন্স, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেসসহ বিভিন্ন বিভাগের কর্মীরা এই প্রস্তাবের আওতায় পড়বেন। তবে মার্কেটিং, বাণিজ্যিক ব্যবসা ও নিরাপত্তার মতো বিভাগ এর বাইরে থাকবে। বিষয়টি গোপনীয় হওয়ায় সূত্রটি নাম প্রকাশ করার অনুরোধ জানিয়েছে।
কর্মীদের পাঠানো এক স্মারকে প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান উল্লেখ করেন, যারা প্রতিষ্ঠানের বাইরে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, এই প্রস্তাব তাদের সহায়তাসহ এখনই সেই পথে যাওয়ার নতুন সুযোগ দিচ্ছে। একই সঙ্গে অংশগ্রহণকারী বিভাগগুলোকেও পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী জনবল সাজানোর আরেকটি উপায় দিচ্ছে এটি।
অন্য প্রযুক্তি জায়ান্টদের মতো মাইক্রোসফটও এআই ডেটা সেন্টার ও চিপে শত শত বিলিয়ন ডলার ব্যয় করে চলেছে। এই বিপুল ব্যয়ের বিপরীতে প্রতিদান মিলবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের নজরদারির মুখেও পড়েছে প্রতিষ্ঠানগুলো। বুধবার বাজার বন্ধের পর প্রথম প্রান্তিকের ফলাফল প্রকাশের কথা রয়েছে মাইক্রোসফটের। ২০২৬ ক্যালেন্ডার বছরে প্রতিষ্ঠানটি ১৭৫ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পূর্বাভাস দিয়েছে।
বার্ষিক দাখিলকৃত নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মাইক্রোসফটের বৈশ্বিক পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার। এ বছর এ পর্যন্ত প্রায় ১০ শতাংশ বেড়েছে মাইক্রোসফটের শেয়ারের দাম। সোমবার তা প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিষয়টি সর্বপ্রথম জনসমক্ষে নিয়ে এসেছিল বিজনেস ইনসাইডার।
এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কর্মীবাহিনীর প্রায় ৭ শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। জুলাইয়ে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৮০০ জন, অর্থাৎ বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ১ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দেয়। একই সঙ্গে এক্সবক্স গেমিং ব্যবসা ঢেলে সাজিয়ে পাঁচটি পর্যন্ত স্টুডিও বিক্রি করার কথাও জানায়। বছরের পর বছর বড় বিনিয়োগের পর এই বিভাগ থেকে প্রতিদান বাড়াতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার মাইক্রোসফট আরও জানায় যে, কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অংশগ্রহণকারী দলগুলোর ৭০ ও এর নিচের স্তরের যোগ্য কর্মীরা এই প্রস্তাব পাবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি একটি সময়সীমাবদ্ধ ও স্বেচ্ছামূলক কর্মসূচি, যা আগের একটি স্বেচ্ছা অবসর কর্মসূচির অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যোগ্য কর্মীরা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।










