একজন শিল্পীকে কেন এসব নিয়ে ভুগতে হবে : আইশা খান

অনলাইন ডেস্ক:

তরুণ অভিনেত্রী আইশা খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নির্মাতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। আইশা তার ফেসবুক পোস্টে নির্মাতা আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগ তুলে এক আবেগঘন মন্তব্য করেছেন।

আইশা তার পোস্টে লিখেছেন, “আপনার ভাষ্য মতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পী হয়ে থাকি, তাহলে ২ বছর আগে শুরু হওয়া কাজের রেমুনারেশন আমাকে দিতে এত অপেক্ষা করাচ্ছেন কেন আবু হায়াত মাহমুদ ভূঁইয়া ভাইয়া?”

এ ব্যাপারে গণমাধ্যমে আইশা বলেন, “আমি যখন পোস্টটি করি, তখন তিনি আমাকে ফোন করেন। তবে আমি ফোনটি ধরিনি, কারণ আমি খুবই আপসেট ছিলাম। কষ্ট যদি না পেতাম, তাহলে কখনো এমন পোস্ট করতাম না। গত দুই বছর ধরে নানা অজুহাত শুনছি। প্রায় ৮ মাস ধরে তিনি বলছেন, ‘তার পরিবারের সদস্য অসুস্থ’, ‘টাকা নেই’, ‘শুটিং চলছে’, ‘আগামী মাসে টাকা এলেই দিবো’, কিন্তু এগুলো শুনতে আর চাইনি। এ কারণেই আমি ফোনটা ধরিনি। এরপর পাঁচ মিনিট পর তিনি আমাকে ‘থ্যাংকস’ লিখে একটি মেসেজ পাঠান।”

আইশা আরো জানান, এটি দীপ্ত প্লের একটি সিরিজের কাজ ছিল, যা ২০২২ সালের অক্টোবর বা নভেম্বরে শুরু হয়েছিল। ২৬ পর্বের এই সিরিজের কাজের জন্য আইশাকে মাসে একদিন শুটিং করতে হয়েছে। প্রথম দুই বিল তিনি সময়ে পরিশোধ করলেও পরবর্তী সময় তা দেরিতে দিয়েছেন। এ বছরের কোরবানি ঈদে তার শ্বশুর অসুস্থ থাকায় এক লাখের বেশি বকেয়া থাকলেও আইশাকে ৫০ হাজার টাকা দেন, এবং এখনো সাড়ে ৬২ হাজার টাকা বাকি রয়েছে। ঈদের পর থেকে এই টাকা পরিশোধের জন্য নানা অজুহাত দেন আবু হায়াত মাহমুদ।

এছাড়া, অভিনেত্রী বলেন, “এ বিষয়টি নিয়ে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানান, তিনি (আবু হায়াত) অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন, পারিশ্রমিক ঠিকভাবে দেন না। অনেকেই আশা ছেড়ে দিয়েছেন।”

আইশা খানের এই অভিযোগ নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অভিনেত্রী আইশার প্রশ্ন, “একজন শিল্পীকে কেন এসব নিয়ে ভুগতে হবে?”