একযুগের ক্যারিয়ারে ববির আক্ষেপ এবং সংগ্রামের গল্প

অনলাইন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি একযুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার দাপট বজায় রেখেছেন। মেগাস্টার শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করে দর্শকের নজরে আসেন তিনি। বিভিন্ন ধরনের অ্যাকশন ছবি থেকে শুরু করে রোম্যান্টিক ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে, বর্তমানে বড় পর্দায় ব্যস্ত থাকলেও, ববির ক্যারিয়ারের শুরুটা ছিল মডেলিং দিয়েই।

এমনকি দর্শকরা তাকে বিভিন্ন নামে চেনে—কখনো লেডি অ্যাকশন স্টার, কখনো বিজলি। তবে, এই সফলতা পাওয়ার পেছনের গল্পটি সুখকর ছিল না। শিল্পাঙ্গনে নানা প্রতিকূলতা এবং পারিবারিক সহায়তার অভাবে নিজের চেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ববি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি তার ক্যারিয়ারের আক্ষেপ ও অভিজ্ঞতা তুলে ধরেন।

ববি বলেন, “আমি বাবার সঙ্গে বেশ কিছু ছবি দেখে বড় হয়েছি, যেমন দীপু নম্বর টু, শাবানা আজমির আর্ট, উত্তম সুচিত্রার ছবি—যা আমার বাবার খুব পছন্দ। আমি এখনো এমন কিছু কাজ করতে চাই, কিন্তু এখনও সে সুযোগ পাইনি। আমার ভেতরে যে ক্ষুধা রয়েছে, আমি কিছু গল্প বলতে চাই আমার বাবার জন্য।”

তিনি আরও বলেন, “অনেকে বলেন, আমি সাকসেসফুল হিরোইন, এখন নতুন কিছু চেষ্টা করো। কিন্তু আমার মনে যে খিদা রয়ে গেছে, সেটা কখনো মরে না। আমি এখনও কিছু আলাদা কাজ করতে চাই।”

ববি তার ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে বলেন, “আমি জানতাম যে কমার্শিয়াল ছবিতে থাকতে হবে, কিন্তু সেটি আমি অনেক পরে বুঝেছি। ইন্ডাস্ট্রির বাজে সময়ে এসেছি, তখন পরিবার থেকেও এক শতাংশ সাপোর্ট পাইনি।”

ববি তার মায়ের সঙ্গে সম্পর্কের কঠিন সময়গুলোও শেয়ার করেছেন। তিনি বলেন, “মায়ের সঙ্গে আমার যে লড়াইটা চলেছিল, সেটা কাউকে বলার মতো না। একবার আমি কিছু গোল্ড জুয়েলারি, ক্রেস্ট ও ক্যাশ বাসায় এনে দিয়েছিলাম, আমার মা সেগুলো ছুঁড়ে ফেলেছিলেন। এত বাজে সময় আমি পার করেছি। আমি একবার দেহরক্ষী আইটেম গানে শুট করে বাসায় গিয়ে মারও খেয়েছিলাম।”

এই সবকিছুর মধ্য দিয়ে ববি নিজের পথ খুঁজে পেয়েছেন, যদিও তার মধ্যে এখনও কিছু আক্ষেপ রয়েছে। তবে, তার সংগ্রাম এবং সফলতা তাকে আরও শক্তিশালী করেছে এবং তিনি ভবিষ্যতে আরো ভিন্নধর্মী কাজের জন্য প্রস্তুত।