অনলাইন ডেস্ক:
কোপা দেল রে-তে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান কিশোর এনদ্রিকের জোড়া গোলের সুবাদে এই জয় পেয়েছে লস ব্লাঙ্কসরা। দীর্ঘ সময় গোলের খরা কাটিয়ে, রিয়ালের হয়ে দুটি গুরুত্বপূর্ণ গোল করেন এনদ্রিক, যার ফলে তারা শেষ পর্যন্ত জয় পায়।
ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় কিলিয়ান এমবাপের ৩৭ মিনিটের দুর্দান্ত গোলের মাধ্যমে। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। রিয়াল ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর, কোচ কার্লো আনচেলত্তি বেঞ্চে থাকা খেলোয়াড়দের পরীক্ষা করতে শুরু করেন। এমবাপেকে তুলে এনদ্রিককে নামান তিনি।
এদিকে, ম্যাচের দ্বিতীয়ার্ধে সেল্টা ভিগো ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। ৮৩ মিনিটে গোল করেন জোনাথন বাম্বা এবং ৯১ মিনিটে মাসকস অ্যালেনসো পেনাল্টি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।
এরপর অতিরিক্ত সময়ে রিয়ালের আক্রমণ জারি থাকে এবং ১০৮ মিনিটে এনদ্রিক একটি দুর্দান্ত শটে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। ১১২ মিনিটে ফেডেরিকো ভালভার্দে একটি রকেট শটে গোল করেন, যার ফলে রিয়াল ৪-২ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এনদ্রিক আবার গোল করে, ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন।











