‘কেন এমন দৃশ্য?’ শুটিংয়ে ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

অনলাইন ডেস্ক:

বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই সাহসী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা আর অপ্রয়োজনীয়ভাবে ঘনিষ্ঠ বা নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া—দুটিকে এক করে দেখার বিরোধিতা করেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে এমন কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে তাকে নিয়ে একটি ধারণা তৈরি হয়। তারা ধরে নিয়েছিলেন, যেহেতু আগে এমন দৃশ্যে অভিনয় করেছেন, তাই পরবর্তী কাজেও সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হয়ে যাবেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, কোনো দৃশ্যে চুম্বন রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও অনেক সময় তাকে বলা হতো, ‘একটু করে নাও’। এমনকি মাত্র ১৫ সেকেন্ডের জন্য দৃশ্যটি ইম্প্রোভাইজ করার প্রস্তাবও দেওয়া হতো। বিষয়টি যে তাকে অস্বস্তিতে ফেলত, তা স্পষ্ট করেছেন রাধিকা।

শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং নিয়েও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

রাধিকা বলেন, শার্টের বোতাম না লাগিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তিনি যখন জানান, অ্যাকশন দৃশ্যে শার্ট নড়াচড়া করে সরে যেতে পারে, তখন তাকে শুধু ব্রা ও অন্তর্বাস পরে দৃশ্যটি করার প্রস্তাব দেওয়া হয়।

এমন প্রস্তাবে বিস্মিত হয়ে রাধিকা প্রশ্ন করেন, তাকে দিয়ে আসলে কী করানো হচ্ছে।

২০১৬ সালে মুক্তি পাওয়া রাধিকার সিনেমা ‘পার্চড’-এর একটি নগ্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তার মতে, সিনেমাটি কেবল ওই একটি দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ নয়।

অথচ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির অন্যান্য বিষয় ছাপিয়ে ওই দৃশ্য নিয়েই বেশি আলোচনা হওয়ায় বিস্মিত হয়েছিলেন তিনি।

রাধিকা জানান, ‘পার্চড’-এ তার চরিত্রের প্রয়োজনে ওই দৃশ্যে অভিনয় করতে হবে, এটি তিনি আগে থেকেই জানতেন। তবে তার বক্তব্যে স্পষ্ট, গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর অপ্রয়োজনীয়ভাবে এমন দৃশ্য যোগ করে অভিনেতাকে তাতে রাজি করানোর চেষ্টা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

 

বর্তমানে রাধিকা আপ্তেকে ‘লাস্ট স্টোরিজ ৩’ অ্যান্থলজি সিনেমায় দেখা যাচ্ছে।