এবার খালেদা জিয়ার চিকিৎসার হবে ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতিতে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি লন্ডন গেছেন। লন্ডনের ক্লিনিকের চিকিৎসকরা তার চিকিৎসা ‘ওয়ান স্টপ সার্ভিস’ পদ্ধতিতে করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার সর্বশেষ মেডিকেল রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক তাকে পরিদর্শন করবেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রিউম্যাটো আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের মেডিকেল টিমও এই চিকিৎসায় অংশ নিচ্ছে, যাতে সব চিকিৎসা এক ছাতার নিচে, অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিস’ হিসেবে দেওয়া যায়।”

তিনি আরও বলেন, “বেগম জিয়ার শারীরিক অবস্থার পাশাপাশি তার বয়স, সাড়ে ৫ বছর কারাবন্দি থাকার কারণে চিকিৎসা না পাওয়ার বিষয়গুলোও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তার জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসার জন্য তিনি গত ৮ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান। পরবর্তীতে, নিজে গাড়ি চালিয়ে তারেক রহমান মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান, যেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।