এবার লাহোরে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ

অনলাইন ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ডানহাতি এই স্পিনিং অলরাউন্ডারকে প্রস্তাব দিয়েছে টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্স। ইতোমধ্যে মিরাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন।

মিরাজের এনওসি চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি ঘনিষ্ঠ সূত্র। তবে তাকে ছাড়পত্র দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

তবে আশা করা হচ্ছে, বিসিবি শিগগিরই তাকে অনুমতি দেবে। কারণ আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে মিরাজ জাতীয় দলের স্কোয়াডে নেই। সে হিসেবে এনওসি দিতে তেমন কোনো বাঁধা থাকার কথা নয়।

ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে দলে নিতে চাইছে লাহোর। জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার কারণে রাজা পিএসএলের প্লে-অফ পর্বে খেলতে পারবেন না। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ, যার জন্য লাহোরের নিয়মিত মুখ রাজাকে ছাড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিকে।

এই অবস্থায় রাজার জায়গায় একজন কার্যকর স্পিন অলরাউন্ডার খুঁজতে গিয়েই লাহোরের নজরে পড়েছেন মিরাজ।

এরই মধ্যে পেশোয়ার জালমিকে হারিয়ে লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে প্লে-অফে জায়গা। শেষ পর্বে দলে ভারসাম্য আনতে একজন অভিজ্ঞ অলরাউন্ডারের প্রয়োজন ছিল দলটির। এনওসি পেলে খুব দ্রুতই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ।

চলতি আসরে বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার পিএসএলে ডাক পেয়েছেন, তাদের তালিকায় এবার যুক্ত হচ্ছেন মিরাজ। এর আগে লিটন দাস, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও নাহিদ রানা পিএসএলের বিভিন্ন দলে খেলার সুযোগ পেয়েছেন।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তার প্রতি বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বাড়ছে। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারলে এটি হবে তার প্রথম বিদেশি লিগ অভিজ্ঞতা।