এবার সৌদিতে অনুষ্ঠিত হতে পারে পিএসএল

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন এক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। সৌদি আরব ক্রিকেটের সাথে দেশটির জেদ্দায় একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান। ভারতের সংবাদ সংস্থা পিটিআই তাদের সূত্রে জানিয়েছে, স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবটি এরইমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের গভর্নিং বডি অনুমোদন দিয়েছে। সৌদিতে স্টেডিয়াম তৈরির লক্ষ্যে এরইমধ্যে একটি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র জমা দেওয়া হয়েছে বলে পিসিবি সূত্রে জানা গেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সৌদি ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। এই ব্যাপারে পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, ‘পিসিবি সৌদি আরবে ক্রিকেটকে জনপ্রিয় করতে চায় এবং সেখানে পাকিস্তান সুপার লিগের কিছু ম্যাচ আয়োজন করার পরিকল্পনাও রয়েছে। তবে নতুন স্টেডিয়ামের কাজ শুরু করার জন্য চূড়ান্ত নথি এখনও স্বাক্ষর করা হয়নি।’ স্টেডিয়াম নির্মাণ করতে উপযুক্ত স্থান নির্বাচনের প্রক্রিয়া চলছে। পর্যাপ্ত দর্শক ধারণক্ষমতা ও ফ্লাডলাইটের ব্যবস্থা থাকবে সেখানে। তাতে করে পিএসএলের মতো টুর্নামেন্ট আয়োজন করা যাবে। পিসিবি সূত্রে জানা গেছে, সৌদি ক্রিকেট কর্মকর্তারা এই প্রকল্প নিয়ে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের খাতিরেই সৌদিতে ক্রিকেট স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে পিসিবি। সৌদি আরব সম্প্রতি নিজেদের টি-টোয়েন্টি লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে। দেশটিতে বিপুলসংখ্যক পাকিস্তানি ও দক্ষিণ এশীয় প্রবাসীর উপস্থিতির ফলে এখানে স্টেডিয়াম নির্মাণে পিসিবির বড় আগ্রহ রয়েছে। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ক্রিকেটের প্রধান কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। সেখানে নিয়মিত টেস্ট, আন্তর্জাতিক ম্যাচ, এশিয়া কাপ, আইপিএল এবং আইসিসি বিশ্বকাপের ম্যাচ হয়েছে। এ ছাড়া তাদের নিজস্ব ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) রয়েছে। নিরাপত্তার শঙ্কায় বিদেশি খেলোয়াড়েরা পাকিস্তানে যেতে না চাইলে ২০১৬ সালে পিএসএল শুরু হয়েছিল দুবাই থেকে। পরবর্তীতে পাকিস্তানে পিএসএল আয়োজিত হলেও পাকিস্তানের বাইরে পিএসএলে প্রসার ঘটাতে আগ্রহী পিসিবি। এর আগে সৌদি আরবের জেদ্দায় আইপিএলের নিলামও আয়োজিত হয়েছিল।