এমপি আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে নাটোর জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলের ছাত্রদল নেতা হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা এবং তার নিজের একটি অশালীন ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দল ইমেজ সংকটে পড়ায়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

তিনি জানান, এমপি আব্দুল নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কোনো সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে এবং কেন্দ্রই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম তার বাড়িতে যাওয়ার সময় বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরবর্তীতে শনিবার সকালে শাকিলকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।