অনলাইন ডেস্ক:
ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে কাজাখস্তানের আর্চারকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের বন্যা আক্তার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ এন্ডে এসে তিনটি নিখুঁত শটে প্রতিটি ১০ পয়েন্ট তুলে এই দুর্দান্ত কৃতিত্ব গড়েন তিনি।
ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫–১৪৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক নিশ্চিত করেন বন্যা। শুরু থেকেই দুই ফাইনালিস্টের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথম এন্ডে দুজনই সমান ২৮ পয়েন্ট অর্জন করেন এবং দ্বিতীয় এন্ডে ২৯ পয়েন্ট সংগ্রহ করে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান এই বাংলাদেশি আর্চার।
তৃতীয় এন্ডে নিজেদের সেই ব্যবধান বজায় রাখেন বন্যা। এরপর চতুর্থ এন্ডে দুজনই সমান ২৯ পয়েন্ট করে অর্জন করায় পয়েন্টের ব্যবধানে কোনো পরিবর্তন আসেনি। চার এন্ডের খেলা শেষে বন্যার মোট সংগ্রহ দাঁড়ায় ১১৫ পয়েন্ট এবং মিলানার সংগ্রহ ছিল ১১৪ পয়েন্ট।
ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারণ হয় একদম শেষ এন্ডে এসে। সেখানে চরম চাপের মুখেও অবিশ্বাস্য রকমের নিখুঁত পারফরম্যান্স প্রদর্শন করেন বন্যা। তিনি তিনটি শটেই ১০ পয়েন্ট করে অর্জন করে পূর্ণ ৩০ পয়েন্টের দেখা পান। অন্যদিকে, শেষ এন্ডে মিলানা সংগ্রহ করেন ২৯ পয়েন্ট। সবমিলিয়ে ১৪৫–১৪৩ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে দেশের জন্য স্বর্ণপদক নিশ্চিত করেন বাংলাদেশের এই নারী আর্চার।
এদিকে, এই টুর্নামেন্টের এই দিনটিতে অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ আরও একটি স্বর্ণ, একটি রুপা এবং একটি ব্রোঞ্জ পদক অর্জনের সাফল্য লাভ করে।











