অনলাইন ডেস্ক:
গরমের দিনে ঘাম, ধুলা আর দৈনন্দিন ব্যস্ততার কারণে বাসাবাড়িতে কাপড় ধোয়ার চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আগে যেখানে সপ্তাহে এক-দুই দিন হাতে কাপড় ধোয়া হতো, এখন অনেকেই নির্ভর করেন ওয়াশিং মেশিনের ওপর। আর এই আধুনিক সুবিধার সঙ্গে সঙ্গে অনেকের মনেই একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খায়, একবার ওয়াশিং মেশিন চালালে আসলে কতটা বিদ্যুৎ খরচ হয় এবং মাস শেষে এটি বিদ্যুৎ বিলকে কতটা প্রভাবিত করে? বাস্তবতা হলো, ওয়াশিং মেশিনকে অনেকে বেশি বিদ্যুৎখেকো যন্ত্র মনে করলেও বিষয়টি পুরোপুরি তেমন নয়। মেশিনের ধরন, ক্ষমতা, ব্যবহার পদ্ধতি এবং সেটিংসের ওপর নির্ভর করে এর বিদ্যুৎ খরচ অনেকটাই কম বা বেশি হতে পারে। সঠিকভাবে ব্যবহার জানলে এই খরচ নিয়ন্ত্রণে রাখা একেবারেই কঠিন কিছু নয়। চলুন সহজভাবে জেনে নেওয়া যাক, একবার কাপড় ধোয়ার পেছনে ঠিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং টাকায় এর হিসেব কত দাঁড়ায়।
সত্যিই কি ওয়াশিং মেশিনে বেশি বিদ্যুৎ খরচ হয়?
গরমের মৌসুমে অনেক গৃহস্থই মনে করেন, ওয়াশিং মেশিন ব্যবহার মানেই বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া। তবে বাস্তবে বিষয়টি অনেকটাই নির্ভর করে ব্যবহারের ওপর। সাধারণভাবে ওয়াশিং মেশিন অতিরিক্ত বিদ্যুৎ টানে না, কিন্তু ভুল সেটিংস, অপ্রয়োজনীয় বারবার ব্যবহার কিংবা গরম পানির অপশন ব্যবহার করলে খরচ বেড়ে যেতে পারে। একটি ওয়াশিং মেশিন সাধারণত মডেল ও ক্ষমতার ওপর ভিত্তি করে ৩০০ ওয়াট থেকে ২০০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে। অর্থাৎ ব্যবহারের ধরনই এখানে মূল বিষয়।
কীভাবে হিসাব করবেন বিদ্যুতের ইউনিট?
সহজভাবে বুঝতে গেলে-
*১০০০ ওয়াট = ১ কিলোওয়াট (১ ইউনিট)
*যদি ১০০০ ওয়াটের মেশিন ১ ঘণ্টা চলে → ১ ইউনিট বিদ্যুৎ খরচ
*যদি ৫০০ ওয়াটের মেশিন ১ ঘণ্টা চলে → ০.৫ ইউনিট বিদ্যুৎ খরচ
অর্থাৎ, ওয়াট যত কম এবং সময় যত কম, খরচও তত কম।
একবার কাপড় ধোয়ার খরচ কত হতে পারে?
সাধারণভাবে একটি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় লাগে প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা। এই সময়ের মধ্যে গড়ে বিদ্যুৎ খরচ হতে পারে প্রায় ০.৩ থেকে ১.৫ ইউনিট।
এবার যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয় প্রায় ৮ টাকা, তাহলে-
কম খরচে: প্রায় ২.৪ টাকা
বেশি খরচে: প্রায় ১২ টাকা
বিদ্যুৎ বিল কমানোর সহজ কিছু উপায়
সামান্য কিছু অভ্যাস পরিবর্তনেই ওয়াশিং মেশিনের খরচ অনেকটা কমানো যায়-
*ফুল লোড ব্যবহার করুন
*অল্প কাপড় বারবার না ধুয়ে একসঙ্গে বেশি কাপড় ধোয়া ভালো
*কুইক ওয়াশ মোড ব্যবহার করুন
*হালকা ময়লা কাপড়ের জন্য এটি সময় ও বিদ্যুৎ; দুটিই বাঁচায়
*হিটার ব্যবহার এড়িয়ে চলুন
*খুব প্রয়োজন না হলে গরম পানির সেটিং বন্ধ রাখাই ভালো
*এনার্জি স্টার রেটিং দেখুন
*নতুন মেশিন কেনার সময় ৫-স্টার রেটিংযুক্ত মডেল বেছে নিলে দীর্ঘমেয়াদে খরচ কমে











