জেলা প্রতিনিধি :
কক্সবাজারের ঝাউবাগানে খুলনার দৌলতপুর এলাকার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে কাঠের সেতুর পাশে হাঁটার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গোলাম রব্বানি সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতর হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আবদুস সালাম জানান, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় বালুতে পড়ে আছেন। দ্রুত তাকে নিজের টমটমে করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। সৈকতের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।











