জেলা প্রতিনিধি :
কক্সবাজার শহরের বদরমোকাম এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া এবং এক মসজিদের খাদেমকে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, রুমেল নামের এক ব্যক্তি পিস্তল হাতে গালাগাল ও হুমকি ধামকি দিতে থাকেন। মসজিদের সামনে অশ্রাব্য ভাষা ব্যবহার করতে নিষেধ করায় তিনি রবিউল আলম নামের এক খাদেমকে এক পাশে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বদরমোকাম মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি। হামলায় আহত খাদেম বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানে স্ক্র্যাপ লুটে ব্যর্থ হওয়ার পরই রুমেল এই তাণ্ডব শুরু করেন। তার এমন সশস্ত্র মহড়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী রুমেলের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত রুমেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি আমার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র।”
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন।











