নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধারের পর তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। একই দিন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১০২ জনকে তেজগাঁও বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৭৪ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, উত্তরা বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ৩৫ জন, গুলশান বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসির অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা এবং ৬২ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুই ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অভিযানে বিপুলসংখ্যক সিম ও ভিওআইপি সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি গ্রামীণফোন সিম, ১৫০টি এয়ারটেল সিম এবং আরও ৭৯৮টি সিম। এ ছাড়া ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।











