কটাক্ষের জবাব দিল কেমিস্ট্রি: সারা অর্জুন

অনলাইন ডেস্ক :

গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের বিপরীতে সারা অর্জুনের কাস্টিং নিয়ে কম জলঘোলা হয়নি। বয়সের বিশাল ব্যবধান নিয়ে শুরুতে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়লেও, পর্দা কাঁপানো অনস্ক্রিন কেমিস্ট্রি দিয়ে সব কটাক্ষের জবাব দিয়েছেন এই জুটি। এবার ‘ধুরন্ধর ২’-তেও সেই একই মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। কিন্তু কীভাবে এক হাজার মেয়ের ভিড় থেকে উঠে এলেন এই নতুন মুখ? সম্প্রতি সেই নেপথ্য গল্প শোনালেন জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।

এক সাক্ষাৎকারে মুকেশ জানান, এই চরিত্রের জন্য কোনো প্রতিষ্ঠিত তারকা নয়, বরং পরিচালক আদিত্য চেয়েছিলেন একেবারে ফ্রেশ কোনো মুখ। অডিশনে একটি বিশেষ দৃশ্য ছিল— যেখানে চরিত্রটিকে জিজ্ঞেস করা হয়, “আপনি কি ভারতের কোনো এজেন্ট?” ঠিক এই সংলাপটি দেওয়ার সময় সারার অভিব্যক্তি ও পারফরম্যান্স দেখে চমকে যায় পুরো কাস্টিং টিম। ভিডিওটি পরিচালকের কাছে পাঠানো হলে তার প্রথম প্রতিক্রিয়াই ছিল, “এই মেয়েটা কে?”

সারা এর আগে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও, বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে এটিই ছিল তার প্রথম বড় পরীক্ষা। শুরুতে রণবীরের উচ্চতা বা ব্যক্তিত্বের পাশে তাকে মানাবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে সারা প্রমাণ করেছেন কেন তিনি অনন্য। মুকেশ ছাবড়া আরও জানান, খুব শীঘ্রই সারার সেই আলোচিত অডিশন ক্লিপটি প্রকাশ করা হবে। তখনই বিশ্বজুড়ে দর্শকরা সরাসরি দেখতে পাবেন, ঠিক কোন জাদুতে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে রণবীরের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন এই তরুণ প্রতিভা।